
নুর মোহাম্মদ, কক্সবাজার,
কক্সবাজারের রামু উপজেলার স্বভাবকবি আলহাজ্ব কাজী মোহাম্মদ আলীর নির্বাচিত কবিতাগুচ্ছ গ্রন্থাকারে প্রকাশের উদ্যোগ নিয়েছে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদ। এ উদ্যোগের বিষয়ে সরকারের ধর্ম মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ও সংগঠনটির অন্যতম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পরিষদের নেতৃবৃন্দ। কক্সবাজার শহরের হোটেল সি কক্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, স্বভাবকবি আলহাজ্ব কাজী মোহাম্মদ আলীর মতো একজন প্রতিভাবান ও প্রবীণ কবির বিপুল সাহিত্যকর্ম গ্রন্থাকারে প্রকাশের যে উদ্যোগ কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদ গ্রহণ করেছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সাহিত্য-ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি নতুন প্রজন্মকে সুস্থধারার সাহিত্যচর্চায় অনুপ্রাণিত করবে।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন কক্সবাজার শহীদ তিতুমীর ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক মাস্টার মুহাম্মদ শফিকুল হক, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হক চকোরী, সাধারণ সম্পাদক মাওলানা কাযী মোহাম্মদ এরশাদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা হাফেজ সাইফুল ইসলাম।
সাক্ষাৎকালে রামুর প্রবীণ কবি আলহাজ্ব কাজী মোহাম্মদ আলীর জীবন, সাহিত্যসাধনা ও দীর্ঘদিনের সৃজনশীল কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়। তাঁর রচিত বিপুলসংখ্যক কবিতা থেকে নির্বাচিত কবিতাগুলো কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের উদ্যোগে গ্রন্থাকারে প্রকাশের পরিকল্পনার বিষয়েও ড. খালিদ হোসেনকে অবহিত করা হয়। এ সময় গ্রন্থটি প্রকাশের বিষয়ে তাঁর প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা কামনা করেন পরিষদের নেতৃবৃন্দ।


























