
আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ ক্রীড়া আয়োজনের উদ্বোধন করা হয়।
মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ হক, যুব উন্নয়ন কর্মকর্তা ইসমাইল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা উজ্জ্বল বৈরাগী এবং আইসিটি কর্মকর্তা আব্রারুল হক শিমুল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি কর্মসংস্থান ও পেশা গড়ারও একটি সম্ভাবনাময় ক্ষেত্র। নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাঁরা আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা ক্রীড়া প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ প্রশিক্ষণ, সুযোগ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের পাশাপাশি তারা পরিবার, সমাজ ও দেশের জন্য সম্মান বয়ে আনতে পারবে।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


























