
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি,
মাগুরার শ্রীপুরে বৃহস্পতিবার দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, আইনশৃঙ্খলা সভা, যুব ঋণের চেক বিতরণ, বৃক্ষরোপণ এবং বিভিন্ন প্রকল্প পরিদর্শনের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেন। কর্মসূচির শুরুতেই তিনি উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এরপর পর্যায়ক্রমে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সভায় সভাপতিত্ব করেন, যুব ঋণের চেক বিতরণ করেন, নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং উপজেলা চত্বরে বৃক্ষরোপণ করেন। এ ছাড়া তিনি বরিশাট গুচ্ছগ্রাম প্রকল্পের পুকুর ও প্রস্তাবিত মিনি স্টেডিয়াম এলাকা পরিদর্শন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারদিন মুনীর অর্ণব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মামুন খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আল ইয়াসিন শুভ নিলয়, এবং যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হিরা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুর রহিম, কাদিরপাড়া ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খান আবু হাসান, উপজেলা ক্রীড়া পরিষদের সদস্য সচিব এসএম সোহাগ মাহমুদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সী ইয়াছিন আলী সোহেলসহ স্থানীয় প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
দিনব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে শ্রীপুরের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক নানা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়।


























