
শওকত আলম, কক্সবাজার,
কক্সবাজার সরকারি কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ শরীফা নামে এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় হোস্টেলটিতে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে মহিলা পুলিশ সদস্যরাও অংশ নেন। এ সময় শরীফার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার শরীফা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকায়। তিনি মো. লিয়াকত আলীর মেয়ে বলে জানা গেছে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, এ ঘটনায় গ্রেপ্তার শিক্ষার্থীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তবে ইয়াবাগুলো কীভাবে তার কাছে পৌঁছেছে এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

























