
স্পোর্টস ডেস্ক,
নাম শুনে অনেকেই ভেবে নিতে পারেন, আর্জেন্টিনার সাবেক তারকা সার্জিও ‘কুন’ আগুয়েরো আবার মাঠে ফিরছেন! তবে বিষয়টি তা নয়। আগামী ২৫ সেপ্টেম্বর ফিফা এশিয়ান কাপে বাংলাদেশের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে আরেক সার্জিও আগুয়েরোকে।
তার পুরো নাম সার্জিও ফাবিয়ান এসেকিয়েল আগুয়েরো। আর্জেন্টিনার লা রিওহায় জন্ম নেওয়া এই ফুটবলার প্রায় চার বছর ধরে মালয়েশিয়ার জাতীয় দলের হয়ে খেলছেন। ২০২২ সালে তিনি মালয়েশিয়ার নাগরিকত্ব গ্রহণ করেন।
নামের মিল নিয়ে প্রায়ই মজার পরিস্থিতিতে পড়তে হয় তাকে। ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে আগুয়েরো বলেন, নামের কারণে মানুষ তার সঙ্গে আর্জেন্টাইন তারকা আগুয়েরোকে নিয়ে নিয়মিত মজা করেন।
আর্জেন্টিনায় বেড়ে ওঠার সময় লিওনেল মেসি ও হুয়ান রোমান রিকেলমেকে নিজের দুই বড় অনুপ্রেরণা হিসেবে বেছে নেন তিনি। তাদের খেলার ধরন অনুসরণ করার চেষ্টা করেন বলেও জানান।
ক্যারিয়ারের শুরুতে আর্জেন্টিনার রিভার প্লেট ও অল বয়েজের যুব দলে খেলেছেন আগুয়েরো। ২০১৫ সালে হাঙ্গেরির তাতাবানিয়াই ক্লাবের হয়ে পেশাদার ফুটবলে পা রাখেন। এক মৌসুম পর মালয়েশিয়ায় পাড়ি জমান এবং সেখানেই গড়ে তোলেন নিজের ক্যারিয়ার।
২০২২ সালে মালয়েশিয়ার নাগরিকত্ব পাওয়ার পর দেশটির জাতীয় দলের হয়ে নিয়মিত খেলছেন তিনি। এখন পর্যন্ত মালয়েশিয়ার জার্সিতে ২৩ ম্যাচে ৩ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে আরও ২ গোল করিয়েছেন।
গোলের চেয়ে মাঝমাঠ ও দলের কাঠামো ধরে রাখার দায়িত্বেই বেশি দেখা যায় এই আগুয়েরোকে। তবে সুযোগ পেলে আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তিনি।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন সার্জিও ফাবিয়ান এসেকিয়েল আগুয়েরো—যিনি নামের কারণে বারবার আর্জেন্টিনার কিংবদন্তি আগুয়েরোর সঙ্গে গুলিয়ে ফেলেন সমর্থকদের।

























