
দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,
বিএনপির ৪৮ বছরের পথচলায় অর্জন ও সাফল্যের তালিকা বিশাল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ব্যক্তিগত পর্যবেক্ষণ ও উপলব্ধির ভিত্তিতে দলের ৪৮টি উল্লেখযোগ্য অর্জন তুলে ধরেছেন।
মাহদী আমিনের দাবি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে দলটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যৎমুখী রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে।
তার তালিকায় রয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ, বহুদলীয় গণতন্ত্র, মুক্তবাজার অর্থনীতি, রপ্তানিমুখী পোশাকশিল্প ও বিদেশে জনশক্তি রপ্তানির সূচনা। পাশাপাশি ওআইসিতে নেতৃত্ব, সংবাদপত্রের স্বাধীনতা, খাল কাটা কর্মসূচি, গ্রাম সরকার, পল্লী বিদ্যুতায়ন, গণশিক্ষা এবং বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গঠনের বিষয়ও তিনি উল্লেখ করেছেন।
এ ছাড়া সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ভ্যাট চালু, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, নারী শিক্ষা, জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ, প্রথম ফ্লাইওভার নির্মাণ, নারী আসন বৃদ্ধি, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও কোস্ট গার্ড প্রতিষ্ঠাকেও বিএনপির অর্জন হিসেবে তালিকাভুক্ত করেছেন তিনি।
তালিকার সাম্প্রতিক বিষয়গুলোর মধ্যে রয়েছে তারেক রহমানের ৩১ দফা, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ধর্মীয় উপাসকদের সম্মানী এবং বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিয়ে গণমুখী রাজনীতির কথা।
পোস্টের শেষাংশে মাহদী আমিন বিএনপির গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের ত্যাগ ও আত্মদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সুশাসন, ন্যায়বিচার, জবাবদিহিতা ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
























