
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আলোচিত শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ট্রাইব্যুনাল।
আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত অব্যাহতির আবেদন খারিজ করে এ অভিযোগ গঠন করেন। এদিন কারাগার থেকে আসামি মাদানীকে আদালতে হাজির করা হয়।
এরপর তাকে নির্দোষ দাবি করে তার আইনজীবী শোহেল মো. ফজলে রাব্বি অব্যাহতি চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।
একই সঙ্গে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত। এর আগে গত ৩০ নভেম্বর আদালত এ মামলার অভিযোগপত্র আমলে নেন।
উল্লেখ্য , গত বছর ৭ এপ্রিল শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি থেকে আটক করে র্যাব। পরের দিন র্যাব বাদী হয়ে গাজীপুরের গাছা থানায় মামলা করে।
এরপর রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেওয়ায় রফিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে র্যাবের করা মামলায় গত বছরের ৮ এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানো হয়।

























