
দিনাজপুর জেলা প্রতিনিধি,
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চার শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. আবু হাসান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ফিশারিজ অনুষদের ২৬ ব্যাচের শিক্ষার্থী কাউসার, একই অনুষদের ২৫ ব্যাচের শিক্ষার্থী মনিরুল ও রবিউল এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২৫ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান।
অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১৬ মে বিশ্ববিদ্যালয়সংলগ্ন হ্যাভেন সিটি ছাত্রাবাসে তারা পরস্পরের সঙ্গে অসামাজিক কার্যকলাপে জড়িত ছিলেন, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে বলে প্রশাসনের অভিযোগ।
বিশ্ববিদ্যালয়ের ‘অর্ডিন্যান্স অব স্টুডেন্টস ডিসিপ্লিন’-এর ১৫ ধারা অনুযায়ী এ ধরনের আচরণ অনৈতিক কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হওয়ায় তাদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. এস এম এমদাদুল হাসান বলেন, সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হবে।
























