
তৌহিদুল ইসলাম চঞ্চল,
লালমনিরহাট সদর থানা পুলিশের একটি চৌকস দল তিস্তা সড়ক সেতু এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা সমমূল্যের মার্কিন ডলারসহ এক পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা এলাকায় এই অভিযান পরিচালনা করা হলেও পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর থানার এসআই শাহাব উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ দল তিস্তা সেতু এলাকায় নিয়মিত তল্লাশি চালাচ্ছিল। এসময় কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা সন্দেহভাজন একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি শুরু করলে যাত্রী মো. লিখন মিয়ার (২৩) গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাকে ইজিবাইক থেকে নামিয়ে দেহ তল্লাশি করলে তার শরীরে অত্যন্ত অভিনব ও কৌশলী কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। উদ্ধারকৃত মুদ্রার মধ্যে ১০০ ডলারের ১ হাজার ৫৮১টি এবং ৫০ ডলারের ২৪টি নোটসহ সর্বমোট ১ লাখ ৫৯ হাজার ৩০০ মার্কিন ডলার জব্দ করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৯৫ লাখ ৯৮ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত লিখন মিয়া কুড়িগ্রাম পৌরশহরের ঘোষপাড়া এলাকার নুরনবী সরকার বাবুর ছেলে বলে জানিয়েছে পুলিশ।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ সংবাদ মাধ্যমকে জানান যে, বিশেষ অভিযানের অংশ হিসেবে এই বিশাল বৈদেশিক মুদ্রার চালানটি আটক করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং এই বিপুল পরিমাণ ডলারের উৎস ও গন্তব্য কোথায় ছিল সে বিষয়ে অধিকতর তদন্ত চলছে।

























