
শওকত আলম, কক্সবাজার:
কক্সবাজারের খুরুশকুলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও যোগাযোগ সরঞ্জামসহ দুই সহোদরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন— মামুন ও কায়ছার। তারা দুজনই একাধিক মামলার আসামি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের পালপাড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের খুরুশকুল আর্মি ক্যাম্পের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে ভোরে পালপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মামুন ও কায়ছারকে আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মামুনের বিরুদ্ধে ১৮টি এবং কায়ছারের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে বলে জানায় সেনাবাহিনী।
আটকের পর আসামিদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি রামদা, একটি চাপাতি, একটি ১৮ ইঞ্চি লম্বা ছুরি এবং চার্জারসহ তিনটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়।
প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আটককৃত দুই আসামিকে কক্সবাজার সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
























