
আব্বাস উদ্দিন, ব্রাহ্মণ বাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণ বাড়িয়া জেলার সরাইল বিশ্বরোড মোড়ে যানজট মুক্ত রাখতে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রোববার -২ মার্চ- সকাল থেকে দুপুর পর্যন্ত সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- মো. মোশারফ হোসাইন এই অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সহকারী কমিশনার -ভূমি- মুক্তা গোস্বামী, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান ও খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমান এই অভিযানে সহযোগিতা করেন।
সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সড়ক জনপদ বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা উচ্ছেদে এই অভিযান শুরু হয়। পরে দুপুর পর্যন্ত কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে এই উচ্ছেদ অভিযান চলে। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা প্রায় ২ শতাধিক দোকানপাট ভেঙে গুড়িয়ে দেয়া হয়।
উচ্ছেদ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারফ হোসাইন বলেন, দখলকারীরা মহাসড়কের পাশে অবৈধ পার্কিংসহ দোকান গড়ে তোলায় পরিবহন ও পথচারীদের চলাচলে বিঘ্নিত হচ্ছিল। মহাসড়ক যানজটমুক্ত রাখতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। মহাসড়ক যানজটমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

























