তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
বর্ডার গার্ড বাংলাদেশ, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, ০৩ বিএসএফ ব্যাটলিয়নের অধিনায়ক রাজ কুমারের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার “১ মার্চ” রাতে বিজিবি’র একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায় যে, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুরুষা ফেরুষা সীমান্তের ৯৩৬ নং মূল পিলারের পাশে ভারতীয় বসকোঠাল এলাকার নোম্যান্সল্যান্ডে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বিজিবি সূত্র আরও জানায়, শনিবার বিকেল আনুমানিক ৪.১০ মিনিটে ওই পতাকা বৈঠকটি শুরু হয়। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলমান ওই বৈঠকে বাংলাদেশের ১৫ বিজিবি ও ভারতের ০৩ বিএসএফ এর পক্ষ থেকে ৭ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। উভয় দেশের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ের ওই বৈঠকে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তসহ দুইদেশের শান্তিশৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ওই বৈঠক শেষে বিএসএফের অধিনায়ক রাজ কুমার বিজিবি’র অধিনায়ককে কাঁটাতারের বেড়া পরিদর্শন করান।
ওই বৈঠক প্রসঙ্গে লালমনিরহাট, ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাকিল আলম জানান, উভয় দেশের মধ্যকার শান্তিশৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার্থে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

























