
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বান্দরবানে অনগ্রসর নারীদের মাঝে সেলাই মেশিন, প্রশিক্ষণ ভাতা, সনদপত্র ও স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার ৯ সেপ্টেম্বর বান্দরবান জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
মহিলা বিষয়ক অধিদপ্তরে কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগাম এ প্রশিক্ষণ গ্রহণ করা ১৮০জন নারীকে সনদপত্র ও ১২হাজার টাকা প্রশিক্ষণ ভাতা, ৪৫জন নারীকে ১টি করে সেলাই মেশিন এবং ২৮টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে সর্বমোট আট লক্ষ পচিঁশ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন,বর্তমান সরকার নারীদের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে এবং নারীরা আগের চেয়ে এখন আরো বেশি কর্মঠ ও দক্ষতার সাথে নিজ নিজ পেশায় সফলতার স্বাক্ষর রাখছে।
বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের সভাপতিতে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, বান্দরবান পৌরসভার মেয়র মো. সামশুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নারগিস সুলতানা, বান্দরবান জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির নারী সদস্যরা।

























