
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
১৪ নভেম্বর—ঝালকাঠির ইতিহাসের এক শোকাবহ দিন। ২০০৫ সালের এ দিনে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির বোমা হামলায় শহীদ হয়েছিলেন ঝালকাঠির দুই সাহসী বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে। তাঁদের ত্যাগ ও স্মৃতিকে স্মরণে রেখে ২০তম বার্ষিকীতে নানা আয়োজনে দিনটি পালন করেছে ঝালকাঠি জেলা জজশীপ।
শুক্রবার সকাল ৯টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোক র্যালি বের করা হয়। কালো ব্যাজ ধারণ করে র্যালিটি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় বিচারক হত্যার স্থানেই নির্মিত স্মৃতিস্তম্ভে পৌঁছে শেষ হয়। সেখানে জেলা জজশীপ, আদালতের কর্মকর্তা-কর্মচারী, আইনজীবী, গণপূর্ত, পৌরসভা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে নিহত দুই বিচারকের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে জেলা ও দায়রা জজ আদালতের সভাকক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে বিচারকবৃন্দ, আইনজীবী, কালেকটরেট, পৌরসভা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বক্তারা বলেন, বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে দেশ ও বিচার ব্যবস্থার প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন। তাঁদের আত্মত্যাগ বাংলাদেশে বিচার বিভাগের নিরাপত্তা ও সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা হয়ে থাকবে।
শেষে শহীদ দুই বিচারকের পরিবারে শান্তি ও সমৃদ্ধি কামনা করেন বক্তারা এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

























