
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। নিহত গৃহবধুর নাম ইভা আক্তার (১৯)। তিনি মৌচাক এলাকার হাজী বশির উদ্দিন মার্কেট রোডে আব্দুল কাইয়ুম মিয়ার ছয়তলা ভবনের পাঁচতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে তিনি নিজ কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। নিহতের স্বামী রাফায়েল হোসাইন জানান, শপিং সংক্রান্ত বিষয় নিয়ে গতকাল তাদের মধ্যে অভিমান হয়। প্রতিদিনের মতো তিনি সকালে কর্মস্থলে চলে যান। রাতে বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করা হয়।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

























