
মোঃ হুমায়ুন কবির
সাভার প্রতিনিধি।।
ঢাকা জেলার সাভারের বলিয়ারপুরে বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্হলেই তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন যাত্রী।
রোববার (০৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা সড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের একজনের নাম কাওসার আহমেদ, বাকি তিনজনের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
সাভার হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা সড়কের সাভারের বলিয়ারপুর এলাকায় একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নেওয়ার সময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের দ্রুতগামী একটি বাস ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী একটি গরুবোঝাই ট্রাক আবার বাসের সামনের অংশে ধাক্কা দিলে তিন জন নিহত হন। নিহতদের মধ্যে একজন পরমাণু শক্তি কমিশনের বাসের চালক।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ঘটনা সাড়ে ৯টার দিকে। খবর পেয়ে আমাদের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের মতো।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে ফায়ার সার্ভিসের সহায়তায় দুর্ঘটনা কবলিত পরিবহন উদ্ধারের চেষ্টা চলছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

























