
নিউজ ডেস্ক,
রমজানের শেষ দশ দিনে মুসলিম উম্মাহকে ইবাদত, দোয়া ও নেক আমলে অধিক মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওযান।
সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, রোববার দেওয়া বার্তায় গ্র্যান্ড মুফতি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর জীবনাদর্শ অনুসরণ করে এ সময়টিকে বেশি বেশি ইবাদত, নামাজ, ইতিকাফ, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও নেক আমলে কাটানো উচিত। হাদিসে শেষ দশ দিনকে বিশেষভাবে ইবাদতের জন্য গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
তিনি আরও বলেন, এই মাসজুড়ে মুসলমানদের উচিত অন্তরিক দোয়া ও আল্লাহর কাছে স্থির প্রার্থনায় নিজেকে নিয়োজিত রাখা।
মক্কা ও মদিনায় ইতিকাফের প্রস্তুতি
রমজানের শেষ দশক শুরু হওয়ায় মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববী-তে হাজারো মুসল্লি ইতিকাফে বসেছেন। নিবন্ধন সম্পন্ন করে আনুষ্ঠানিক অনুমতি পাওয়ার পর তারা ইবাদত, জিকির ও আত্মসমালোচনায় নিমগ্ন রয়েছেন।
দুই পবিত্র মসজিদের কর্তৃপক্ষ ইতিকাফকারীদের জন্য বিভিন্ন সুবিধা নিশ্চিত করেছে। মক্কায় বিশেষ কিটে রয়েছে:
-
স্লিপিং ব্যাগ ও ব্যাকপ্যাক
-
বালিশ
-
ব্যক্তিগত পরিচ্ছন্নতার সামগ্রী
এছাড়া দিকনির্দেশনা, স্বাস্থ্যসেবা, অনুবাদ সেবা, আপ্যায়ন ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহসহ সার্বিক সহায়তা প্রদান করা হচ্ছে।

























