
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসা’র ৬ সদস্য গ্রেফতার হয়েছে। তাদের নিকট অস্ত্র ও গুলি পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে র্যাব ও এপিবিএন সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- উখিয়া উপজেলার ময়নারঘোনা ১৮ নং ক্যাম্পের আমির হাকিম ও আজিবা খাতুনের পুত্র মোহাম্মদ আরব (২৪), আব্দুল মোতালেব ও ফিরোজা খাতুনের পুত্র মোহাম্মদ নূরু (৩১), মোহাম্মদ ছালেহ ও নাছিমা খাতুনের পুত্র মোহাম্মদ ইউনুছ (৩৩), আবদুল গাফ্ফার ও আজিজা খাতুনের পুত্র মোহাম্মদ হারুন (২৮), মৃত আবু সিদ্দিক ও জুলেখা খাতুনের পুত্র হাফিজুল আমিন (২৫) এবং জাহিদ হোসেন ও সাবেকুন্নাহারের পুত্র মুহাম্মদ মির কাশিম ওরফে হামিদ হোসেন (২২)।
র্যাব জানায়, উখিয়া উপজেলার পালংখালি ইউনিয়নের ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক-ই এলাকায় এপিবিএনসহ যৌথ অভিযান চালিয়ে রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসা’র সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের নিকট একটি ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড গুলি পাওয়া গেছে।
র্যাব আরো জানায়, গ্রেফতার আরসা সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পেের অভ্যন্তরে আধিপত্য বিস্তার ও বিভিন্ন সুযোগ-সুবিধা আদায়ের লক্ষে এই অস্ত্র সংগ্রহ করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলি বলেন- ‘গ্রেফতার আরসা সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

























