
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি ও বেসরকারি হাসপাতালে গুলোতে হাম রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। প্রতিদিন হাসপাতাল গুলোতে হাম রোগে আক্রান্ত হয়ে শিশু রোগী ভিড় করছেন। কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন আবার কেউ অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, পর্যাপ্ত হামের ভ্যাকসিন ও চিকিৎসার ব্যবস্থা রয়েছে। আতঙ্কিত না হয়ে সঠিক চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
সড়ে জমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, রুপগঞ্জ ইউনিয়নের শাহাবাজপুর এলাকায় অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম (Measles) রোগে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন অভিভাবকরা শিশু হাম রোগীদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভির করছেন। কর্তব্যরত চিকিৎসকরাও কোন প্রকার দায়িত্ব অবহেলা না করে সঠিক নিয়মে রোগীদের চিকিৎসা দিচ্ছেন। কাউকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিচ্ছেন। আবার অবস্থা অবনতি হলে ভর্তি করে রাখছেন। বর্তমানে ১১ জন হাম রোগী ভর্তি রয়েছে, যাদের বয়স ছয় মাস থেকে শুরু করে আট বছরের মধ্যে। প্রতিদিন গড়ে চার থেকে পাঁচজন নতুন রোগী ভর্তি হচ্ছে, একইসঙ্গে প্রতিদিন প্রায় চারজন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভী ফেরদৌস বলেন, অন্যান্য সময় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামে আক্রান্ত রোগী তেমন ছিল না। গত ২০ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত ১৭ দিনে ৩০ জন হাম আক্রান্ত শিশু ভর্তি হয়েছেন হাসপাতালে। এরমধ্যে বর্তমানে ভর্তি রয়েছেন ১১ জন। এছাড়া ১৭ দিনে আউটডোরে হাম উপসর্গ নিয়ে এসে চিকিৎসকদের পরামর্শ নিয়েছেন প্রায় ১৮০ জনের মত।
নারায়ণগঞ্জ-১ (রুপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, বিগত সরকারের আমলে রূপগঞ্জের ৪১টি কমিউনিটি ক্লিনিক অকেজো ছিল। আমরা ওই ৪১টি কমিউনিটি ক্লিনিক বিশেষ নজরদারিতে চালু করব। যাতে করে হামসহ নানা ধরনের রোগে আক্রান্ত রোগীরা কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা নিতে পারে। তাহলে রোগী এবং রোগীর স্বজনদের ভোগান্তি অনেকটা কমে আসবে।
























