স্টাফ রিপোর্টার- মেহেরপুর।।
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের রামনগর-বেলতলাপাড়া পাকা সড়কের বিভিন্ন অংশ ভেঙে বেহাল দশার সৃষ্টি হয়েছে।
শনিবার -৯ নভেম্বর- সন্ধার দিকে সরেজমিনে রামনগর-বেলতলাপাড়া সড়কে গিয়ে দেখা যায় সড়কের বিভিন্ন অংশ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাড়িয়ে একটু সামনে গেলেই দেখা মিলবে সড়কে ভয়ংকর এক চিত্র। বৃষ্টিতে মহল্লার পানি নামার কারণে পাকা সড়ক ভেঙে বাইসাইকেল চলার পথটুকুও পাওয়া যাবেনা। অজানা কোন মোটরসাইকেল আরোহী এসড়কে চলতে দুর্ঘটনায় পতিত হওয়া ছাড়া উপায় থাকবেনা। যে কেউ এমন অবস্থা দেখে ভয় পেয়ে যাবে।
রামনগর কাজীপুর পাড়া- টেংগারমাঠ ও বেলতলাপাড়ার কয়েকজনের সাথে আলাপ হলে তিনারা জানান, রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে কাজীপুর পাড়া পর্যন্ত কয়েকটি স্থানে পাকা সড়ক ভেঙে ভয়ংকর আকার ধারণ করেছে। এসড়ক দিয়ে বাইসাইকেল ও মোটরসাইকেল ছাড়া অন্য যানবাহন চলাচলের একেবারে অনুপযোগী। তাছাড়া সড়কে কয়েকটি স্থান ভেঙ্গে করুন অবস্থা।
তিনারা জানান- শেখ হাসিনা পদত্যাগের পর চেয়ারম্যান ও মেম্বারদের কোন খোঁজখবর নেই। মেম্বার থাকলেও তার কোন কিছুই কর্তৃত্ব নেই। অভিভাবকহীণ হয়ে পড়েছে শ্যামপুর ইউনিয়নটি।
মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ও কুতুবপুর ইউনিয়নসহ গাংনী উপজেলার কাথুলী, তেঁতুলবাড়ীয়া ও সাহারবাটী ইউনিয়নের অধিকাংশ গ্রামের লোকজন রামনগর-বেলতলা পাড়া সড়ক হয়ে জেলা শহরে যাতায়াত করলেও সড়কটির বেহাল অবস্থার কারণে এসব লোকজনকে চলাচলের জন্য বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে।
এমতবস্থায় জরুরি ভিত্তিতে সড়কটির ভাঙা অংশগুলো সংষ্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসীরা।

























