
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখা।
সোমবার (৬ এপ্রিল) বিকাল ৪টা ৫০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ৪০-৫০ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মোঃ হাফিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মন্টু চন্দ্র ঘোষ, জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ শাহীন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আবু নাঈম খান বিপ্লব, সদস্য আ. হাই শরীফ, গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ সেলিম মাহমুদ এবং বাংলাদেশ সোয়েটার অ্যান্ড গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত বিতর্কিত বাণিজ্য চুক্তি দেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। জনগণের মতামত উপেক্ষা করে এবং স্বচ্ছতা ছাড়া কোনো আন্তর্জাতিক চুক্তি গ্রহণযোগ্য নয়। তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের সময় গৃহীত কিছু চুক্তি দেশের স্বার্থের পরিপন্থী এবং এর মাধ্যমে দেশের সম্পদ ও বাজার বিদেশি শক্তির কাছে তুলে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
বক্তারা অবিলম্বে এসব চুক্তি বাতিলের দাবি জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে সকল বাণিজ্য চুক্তির বিস্তারিত তথ্য জনসম্মুখে প্রকাশ এবং জনগণের স্বার্থ রক্ষায় স্বচ্ছ ও জবাবদিহিমূলক নীতি অনুসরণের দাবি জানান।
মানববন্ধন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বঙ্গবন্ধু রোড হয়ে ২নং রেলগেট অতিক্রম করে বাসদ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
























