
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬কে সামনে রেখে পাইকগাছা উপজেলায় ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের পক্ষ থেকে ব্যাপক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
পাইকগাছা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় মোট ৮৮টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার জন্য থাকছে ৪৮৮টি ভোটকক্ষ (বুথ)। উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৯ হাজার ৭৪১ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৮ হাজার ৮৯৭ জন।
নির্বাচনের স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার ৭৭টি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এসব সিসি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রগুলোর পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে, যা যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখবে।
নির্বাচন অফিস সূত্র আরও জানায়, জনবহুল, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর হিসেবে চিহ্নিত ভোট কেন্দ্রগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বাকি ১১টি ভোট কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে থাকবে বডি-অন ক্যামেরা। কেন্দ্রভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, ভোটাররা যেন নির্বিঘ্ন ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে কেন্দ্রভিত্তিক সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভোট কেন্দ্রের ভৌত অবকাঠামো উন্নয়ন, বুথ বিন্যাস, বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী প্রস্তুতের কাজ দ্রুত এগিয়ে চলছে।
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ভোটগ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত ও নিরাপত্তা বাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হবে।
উল্লেখ্য, ভোটার উপস্থিতি বৃদ্ধি এবং ভোটাধিকার প্রয়োগ সহ গণভোটে জনগণকে উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
























