
রাজিব আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি।।
গুরুতর আহত উপপরিদর্শক মো. আরিফ রাব্বানী
নরসিংদীর রায়পুরায় গ্রেফতারের চেষ্টাকালে আসামির দায়ের কোপে পুলিশের উপপরিদর্শকসহ দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টায় উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত উপপরিদর্শক মো. আরিফ রাব্বানীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান
পুলিশের ওপর হামলাকারী অভিযুক্ত স্বপন মিয়া উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা বলছে, স্বপন মিয়া স্থানীয়ভাবে ডাকাত ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক আরিফ আরও পুলিশ সদস্যদের নিয়ে তাকে ধরতে জাহাঙ্গীরনগর গ্রামে যায়। সেখানে পুলিশ সদস্যের উপস্থিতি টের পেয়ে স্বপন তাঁর পরিবারের সদস্যসহ দলবল নিয়ে হামলা চালায়। এ সময় ধারালো দায়ের কোপে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন উপপরিদর্শক আরিফ ও পুলিশের কনস্টেবল আল-আমিন।পরে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আরিফ রাব্বানীকে ঢাকায় পাঠান। আহত কনস্টেবল আল-আমিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আতাউর রহমান বলেন, ‘স্বপনের নামে ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা হয়েছে। গতকাল বিকেলে এসআই আরিফ ফোর্স নিয়ে আসামি ধরতে গেলে স্বপন ডাকাতের নেতৃত্বে তাদের ওপর হামলা হয়। পরে গুরুতর আহত অবস্থায় আহত আরিফকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন।
ইতোমধ্যে আসামি স্বপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় জড়িত অন্যান্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান।

























