
মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুর সফরে এসে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন- বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে জাপান কেন, কোন রাষ্ট্রদূতের নাক গলানো আমরা কখনোই মেনে নিতে পারি না। তাদেরকে আবারও সর্তক করা হবে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এদেশকে স্বাধীন করেছি। ফলে কারো কাছে মাথানত হওয়া বা দেশের আত্মমর্যাদা রক্ষায় আমরা কাউকে ছাড় দেব না।
মন্ত্রী আজ বুধবার মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি বলেন-সংবিধানের আর্টিকেল ১২৬ এ সুস্পষ্ট বলা আছে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। জেলা প্রশাসক পুলিশ সুপাররা নির্বাচন শান্তিপুর্ণ করবেন। বিএনপি যতই গলাবাজি করুক আগামী নির্বাচনে অংশ গ্রহন করবে। তারা এর আগেও নির্বাচন নিয়ে সহিংসতা করেছে। এবার সেই সহিংসতার পথ বেছে নিলে তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে।
এসময় মেহেরপুর-১ আসনের এমপি জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের এমপি সাহিদুজ্জামান খোকন, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম সহ কৃষি মন্ত্রণালয়ের সচিব সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেছেন- দেশে খাদ্য সঙ্কট হবে। খাদ্য মজুদ রয়েছে পর্যাপ্ত। আমন ধানের সরকারী দর নিয়ে কৃষকদের অসন্তুষ্টি বিষয়ে মন্ত্রী বলেন- আমনে উৎপাদন খরচ কম। তাই আমন ধানের ২৮ টাকা দর দেয়া আছে। বাজারে চালের দর চড়া। ফলে ধানে কৃষকের লোকসান হবে না।
পরে মন্ত্রী মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় সন্মুখে কৃষি উদ্বাবনী মেলা ও আধুনিক কৃষি আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের উদ্বোধন করেন।

























