
নিউজ ডেস্ক,
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক সমকাল-এর সিনিয়র রিপোর্টার কামরুল হাসান এবং সময় টিভি-এর বিশেষ প্রতিনিধি প্রসূন আশীষ-এর ওপর সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে ডিআরইউ।
সোমবার ডিআরইউয়ের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, “দুই পেশাদার সাংবাদিকের উপর প্রকাশ্য দিবালোকে এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানাচ্ছি।”
হামলার ঘটনা
-
কামরুল হাসানের ওপর হামলা:
সোমবার বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে, ডিআরইউ থেকে তেজগাঁও-এ দৈনিক সমকাল অফিসে যাওয়ার পথে রমনা মডেল থানাধীন সেগুনবাগিচা এলাকায় তাঁর উপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে কিল-ঘুষি মেরে আঘাত করে এবং প্যান্টের পকেট থেকে ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনাস্থলে ‘সোবান আল্লাহ’ নামের একটি বাস ছিল, যা এজি অফিসের কর্মচারীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। -
প্রসূন আশীষের ওপর হামলা:
গত রোববার বিকেলে সচিবালয়ে সংবাদ সংগ্রহ শেষে বিদ্যুৎ ভবনের সামনে ট্রাফিক সিগন্যালের সময় গাড়ি থামানোর ঘটনা নিয়ে এক যুবক তাকে সরাসরি আঘাত করে। পথচারীরা মোবাইলে পুরো ঘটনা ধারণ করেন।
ডিআরইউ ঘটনার সুষ্ঠু তদন্ত ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে।

























