মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার ।।
গাজীপুরে মহানগরীর বাসন থানার ভোগড়া উত্তরপাড়া এলাকায় মঙ্গলবার ভোরে এরশাদ আলী (৩৬) নামে পাঁচ মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত এরশাদ আলী চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার সরাইপাড়া গ্রামের মোহাম্মদ আলীর পুত্র। স্ত্রী ও দুই সন্তান নিয়ে এরশাদ আলী মহানগরীর চান্দনা বসির সড়কে মো. মোস্তফার বাড়িতে ভাড়া থেকে কসাইয়ের কাজ করতেন ৷
স্থানীয় সূত্রে জানাযায়, মাদক ও ছিনতাই সংক্রান্ত ঘটনায় এরশাদ আলীর সঙ্গে কতিপয় যুবকের দ্বন্দ্ব চলে আসছিল। এ বিষয়টি মীমাংসার জন্য সোমবার সন্ধ্যায় তিনি বাসা থেকে ছোট ভাই সাজ্জাদ হোসেনের স্ত্রীর বড় ভাই ফজলে রাব্বির ইটাহাটা কলেজপাড়া এলাকার বাসায় যান। মীমাংসা শেষে তিনি রাত ১০টার দিকে বের হয়ে যান। রাত ২টার দিকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা তাকে বাসন উত্তর পাড়ার একটি ডোবার কাছে কুপিয়ে হত্যা করে চলে যায়।
পুলিশ মঙ্গলবার ভোরে তার মরদেহ উদ্ধার করে।
নিহতের স্ত্রী মোছা. শিলা বেগম জানান , স্বামী সোমবার বিকেল ৫টার দিকে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। গভীর রাত পর্যন্ত তার কোনো সন্ধ্যান না পেয়ে ঘুমিয়ে পড়ি। রাত ২টার দিকে খবর পাই তাকে হত্যার পর ভোগড়া উত্তরপাড়া এলাকার জয়নাল আবেদীনের পরিত্যক্ত জমিতে ফেলে রাখা হয়। এ ঘটনায় নিহতের মা শাহিনা আক্তার বাদী হয়ে বাসন থানায় মামলা করেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাই ও মাদক সেবন নিয়ে দ্বন্দ্বের জেরে ওই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। এরশাদ একজন চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে হত্যা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের পাঁচটি মামলা রয়েছে।
























