মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে ঠাঁই পেল বিলুপ্ত প্রায় একটি স্ত্রী নীলগাই। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে শনিবার সকাল ৬টার দিকে নীলগাইটিকে পার্কের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
জানাযায়, বঙ্গবন্ধু সাফারি পার্কে নতুন আনা স্ত্রী নীলগাইটিসহ এখন এ প্রাণীর সংখ্যা নয়টি। এর আগেও পার্কে নীলগাই বেশ কয়েকবার বাচ্চা জন্ম দিয়েছে। বর্তমানে এদের মধ্যে সাতটি পুরুষ ও ২টি স্ত্রী।
গত সোমবার (১৩ নভেম্বর) নীলগাইটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভারতের সীমানাঘেঁষা ফকিরভিটা গ্রামে স্থানীয় জনতার হাতে ধরা পড়ে। ধরা পড়ার সময় এর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। নীলগাইটি শারীরিকভাবেও কিছুটা দুর্বল ছিল।
পার্ক কর্তৃপক্ষ জানান, নীলগাইটি ভারত থেকে সীমান্ত পেরিয়ে প্রথমে শালডাঙ্গা গ্রামে প্রবেশ করে। পরে গ্রামবাসীর তাড়া খেয়ে ফকিরভিটা গ্রামে চলে যায়। সেখান থেকে গ্রামবাসীর সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশের -বিজিবি-সদস্যরা সেটিকে উদ্ধার করে। পরে স্থানীয় বন বিভাগের লোকজনের কাছে হস্তান্তর করা হলে তারা দিনাজপুরের রামসাগর চিড়িয়াখানায় নিয়ে যান। ১৬ নভেম্বর পর্যবেক্ষণের জন্য পার্কের একটি প্রশিক্ষিত দল দিনাজপুরে পাঠানো হয়। তারা প্রাণীটির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে সাফারি পার্কে রাখার বিষয়ে মতামত দেন। সেখান থেকে বিশেষ ব্যবস্থাপনায় নীলগাইটিকে সাফারি পার্কে আনা হয়।
বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় বন্য প্রাণী নীলগাই। একসময় বাংলাদেশের দিনাজপুর, ঠাকুরগাঁও নওগাঁ জয়পুরহাটসহ বিভিন্ন জেলায় এই নীলগাইয়ের দেখা পাওয়া যেত। হরিণ বিশেষ প্রাণীটি ‘গাই’ হিসেবে পরিচিত। নীলগাইয়ের গড় আয়ু সাধারণত ২১ বছর।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের (ঢাকা) বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
























