মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরে পৃথক ভাবে যাত্রীবাহী বাস ও সিমেন্টবাহী ট্রাকে আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
গাজীপুর মহানগরীর পূবাইলে রোববার রাত সাড়ে এগারোটার দিকে সিমেন্টবাহী একটি ট্রাকে আগুন দেয়ার ঘটনা ঘটে।
জানা যায়, মহানগরীর ভোগড়া-উলুখোলা বাইপাস সড়কে সিমেন্ট ভর্তি একটি ট্রাক উলুখোলার দিকে যাচ্ছিল। পথে ৭-৮ জন দুষ্কৃতিকারী ট্রাকে পেট্রোল ছুড়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি-মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা দিয়েছে তা জানা যায়নি। জড়িতদের খুঁজে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে রোববার দুপুরে গাজীপুর মহানগরীর শহীদ বরকত সরণি এলাকায় দাঁড়িয়ে থাকা দূরপাল্লার এক বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেওয়া আগুনে আয়ের একমাত্র অবলম্বন বাসটি পুড়ে যাওয়ার দৃশ্য দেখে বাসের চালক ও মালিক দেলোয়ার হোসেন দেলু জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান। জানাযায়, বাস মালিক দেলুয়ার হোসেন দেলুর গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থাকা এলাকায়। বর্তমানে তারা শহীদ বরকত সরণি এলাকায় সপরিবারে ভাড়ায় থাকেন। সেখানে থেকে তুরাগ পরিবহন নামের গাড়িটি ঢাকা-শেরপুর রুটে চালান দেলু। তিনিই গাড়ির মালিক তিনিই চালক। দীর্ঘদিন ধরেই ট্রিপ শেষে গাড়িটি বাসার কাছে বরকত সরণির সড়কের পাশে পুকুরপাড়ে দাঁড় করিয়ে রাখেন। প্রতিদিনের মতো শনিবার ভোরের দিকে একই স্থানে গাড়িটি রেখে বাড়ি যান। দুপুরে কে বা কারা গাড়িটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যান। মুহূর্তেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর এলাকাবাসী পুকুরের পানি দিয়ে আগুন নেভান। গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, কে বা করা বাসটিতে অগ্নিসংযোগ করেছেন তা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
























