
মো.ইমরান হোসেন
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় আকলিমা খাতুন (৩২) নামে বেসরকারি এনজিও নারী কর্মী নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে দশটার দিকে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকলিমা খাতুন (৩২) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ভায়া গ্রামের মো. ইদ্রিস আলীর মেয়ে।
পুলিশ ও এনজিও সুত্র জানায় , নিহত আকলিমা নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় একটি বেসরকারি সংস্থায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
এনজিও সেবার শাখা ব্যবস্থাপক মো. মাসুদুল হক বলেন, বুধবার ভোরে আকলিমা গ্রাহকদের কাছ থেকে ঋণের টাকা সংগ্রহে ঘোড়াশালের অফিস থেকে গাজীপুরের কালীগঞ্জের মূলগাঁও এলাকায় যান। পরে গ্রাহকদের কাছ থেকে ঋণের টাকা সংগ্রহ করে গাজীপুর থেকে ঘোড়াশালের অফিসে ফেরার পথে মূলগাঁও রেলপথ পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় রেলপথের পাশে পড়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করে লাশ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক লুবনা খানম বলেন, আকলিমার মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। নাক ও মুখ দিয়ে রক্ত বের হওয়ার আলামত রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে ।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

























