মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী ট্রাক চাপায় পিতা -পুত্র ও চালক সহ অটোরিকশায় থাকা ৫ যাত্রী নিহত হয়েছে। ঘটনাস্থলেই ৩ জন নিহত হয় । অটোরিকশা চালক সহ অপর এক যাত্রীকে মুমূর্ষ অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পথে একজন এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা সকলেই একই এলাকার বাসিন্দা, তারা স্থানীয় একটি ইটভাটায় কাজে যাচ্ছিলেন।
সোমবার-১৯ ফেব্রুয়ারী-ভোর সাড়ে ৬ টার দিকে কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর ইউনিয়নের শিলাবৃষ্টি পাম্প এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টালাবহ গ্রামের মৃত ইয়াকুব মুন্সির ছেলে মোফাজ্জল-৬৫- একই গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে আব্বাস আলী-৬৩-ও ছেলে জাহিদুল ইসলাম-৩৫-ভাউমান গ্রামের মৃত- হাসেন আলীর ছেলে শওকত আলী-৫২-ও মৃত মুনসর আলীর ছেলে রমজান আলী-৪০-|
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে বাড়ি থেকে বের হয়ে একই বাড়ির পিতা -পুত্র সহ চারজন একত্রে প্রতিদিনের মতো অটোরিকশা করে স্থানীয় একটি ইটভাটায় কাজে যাচ্ছিলেন । এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর শিলাবৃষ্টি পাম্পের সামনে পৌছালে মহাসড়কের সার্ভিস লাইনে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ,নং- ১৪-১৫৪৫) ওই অটোরিকশাকে মুখোমুখি ভাবে চাপা দেয়। এতে ওই অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে অটোরিকশায় থাকা ৫ জন যাত্রীদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানকার কর্মরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহত জাহিদুল ইসলামের পিতা আব্বাস আলী-৬৩-ও অটোরিকশা চালক রমজান আলী-৪০-গুরুতর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে নেয়ার পথে মারাযান । সড়ক দূর্ঘটনায় ভাউমান -টালাবহ গ্রামের ৫ জন নিহতের খবর পৌঁছালে এলাকাবাসীর মধ্যে এক শোকের ছায়া নেমে আসে। শোকে কাতর হয়ে পড়েছেন নিহতদের স্বজনরা । বিশেষ করে পিতা পুত্রের নিহতের বাড়িতে স্বজনদের আহাজারিতে আকাশ যেন ভারী হয়ে ওঠে । প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দেয়ার ভাষা হারিয়ে ফেলে । ভাউমান -টালাবহ গ্রামে এক নিস্তব্ধতা বিরাজ করছে ।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি-শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে গেছে। তবে ট্রাক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

























