
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরে মাদক মাদক মামলয় কারাবন্দি মেয়ের জন্য ১৮৯ পিস ইয়াবা নিয়ে যাওয়ার সময় রানী বেগম (৪৫) নামের এক নারীকে আটক করেছেন কারারক্ষীরা।
শনিবার দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশের সময় তাকে আটক করা হয়। আটক রানী যশোর জেলার বাঘারপাড়া থানার দশ পাখিরা গ্রামের মামুনের স্ত্রী। তার মেয়ে মাদক মামলায় নারী কারাগারে বন্দি আছেন।
কারা সূত্রে জানা যায়, দুপুরে কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করছিলেন রানী বেগম। এ সময় ডিউটিরত নারী কারারক্ষী মাকসুদা বেগম দেহ তল্লাশিকালে রানীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগে নীল পলিথিনের প্যাকেটে ১৮৯ পিস ইয়াবা পান। খবর পেয়ে পুলিশ ইয়াবাসহ ওই নারীকে কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় নিয়ে যায়।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, আটক রানী বেগম মাদক মামলায় নারী কারাগারে আটক তার মেয়ে বুশরা জাহান বিনির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে জব্দ ইয়াবা তার মেয়েকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি। আটক রানী বেগমও দুই মাস আগে মাদক মামলায় জেল খেটে ছাড়া পেয়েছেন। এ ব্যাপারে কোনাবাড়ী থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।

























