তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে কুমিল্লা-১১টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আ.লীগ।
গতকাল রবিবার -২৬ নভেম্বর- বিকেল সোয়া ৪টার দিকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কুমিল্লার ১১টি আসনের মধ্যে শুধু পরিবর্তন এসেছে কুমিল্লা ১ ও কুমিল্লা-৮ আসনে। কুমিল্লা-১ আসনে আ.লীগের এমপি সুবিদ আলী ভুঁইয়ার পরিবর্তে মনোনয়ন পেয়েছেন দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর এবং কুমিল্লা ৮ বরুড়া আসনে বর্তমান এমপি নাসিমুল আলম নজরুলের পরিবর্তে দলের মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী আবু জাফর মো. শফিউদ্দিন শামীম।
তবে সবচেয়ে বেশি আলোচনা ছিল যে আসনটি নিয়ে কুমিল্লা-৫ (বুড়িচং- ব্রাহ্মণপাড়ায়) আ.লীগ আস্থা রেখেছে বর্তমান এমপি আবুল হাসেমের উপর। এই আসনটি থেকে বাংলাদেশ আ. লীগের মনোনয়ন চেয়েছিলেন ২৯ জন।
কুমিল্লার ১১টি আসনের নৌকার মাঝি হলেন যারা- কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আ. লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কুমিল্লা-২ হোমনা-মেঘনা) নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারপার্সন এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি’র প্রতিষ্ঠাতা ও সভাপতি, জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক সেলিমা আহমেদ মেরী, কুমিল্লা-৩ (মুরাদনগর) এফবিসিসিআই এর সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, কুমিল্লা-৪ (দেবিদ্বার) রাজী মুহম্মদ ফখরুল, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মনপাড়া) বুড়িচং উপজেলা আ.লীগ সভাপতি এড. আবুল হাসেম, কুমিল্লা-৬ ( সদর) কুমিল্লা মহানগর আ.লীগ সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা-৭ (চান্দিনা) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত, কুমিল্লা-৮ (বরুড়া) কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি, আবু জাফর মো.শফিউদ্দিন ( এ জেড এম শফিউদ্দিন শামীম), কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের সহ-সভাপতি মো.তাজুল ইসলাম, কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-নাঙ্গলকোট-লালমাই) কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি আ হ ম মুস্তফা কামাল, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব।
























