
চঞ্চল,
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী বালারহাট এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি বালারহাট সীমান্ত এলাকায় স্থানীয়রা তাদের ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেয়। পরে ফুলবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের ভারতীয় নাগরিক বলে পরিচয় দেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য যাচাই করে নিশ্চিত হওয়া যায় যে, তারা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার বাসিন্দা।
আটককৃতরা হলেন—কোচবিহার জেলার দিনহাটা থানার নটকোবাড়ী এলাকার সাঈদ খন্দকারের ছেলে আখিরুল খন্দকার (২২) এবং একই জেলার সাহেবগঞ্জ থানার কিশামত করলা এলাকার জমির আলীর ছেলে ফারুক মিয়া (২৩)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ বা সন্দেহজনক গতিবিধি থাকায় তাদের আটক করা হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে সীমান্তরক্ষী বাহিনীকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম গণমাধ্যমকে জানিয়েছেন, আটক দুই ভারতীয় নাগরিকের বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-কে জানানো হয়েছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে শুক্রবার রাতের মধ্যেই তাদের বিএসএফ-এর কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
























