
মো.ইমরান হোসেন,
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।।
গাজীপুরের কালিয়াকৈরে ভাতের গরম মাড় ঢেলে স্ত্রীর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার চাপাইর ইউনিয়নের নামাশুলাই গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার বিকেলে গহবধূ শাহিদা আক্তারের (২২) বাবা সাইজুদ্দিন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। গৃহবধূ উপজেলার নামাশুলাই এলাকার রুবেল মিয়ার স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সুত্র জানায় , উপজেলার সুত্রাপুর ইউনিয়নের টালাবহ এলাকার সাইজুদ্দিনের মেয়ে শাহিদা আক্তারের সঙ্গে সাড়ে চার বছর পূর্বে পারিবারিকভাবে রুবেল মিয়ার বিয়ে হয়। তাঁদের সংসারে সাদিত নামে তিন বছরের এক ছেলে রয়েছে। সম্প্রতি শাহিদাকে তাঁর বাবার বাড়ি থেকে ৩ হাজার টাকা এনে দিতে বলেন স্বামী। এ নিয়ে তাঁদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায় রুবেল ও তাঁর মা ভাতের গরম মাড় শাহিদার শরীরে ছুড়ে দেন। খবর পেয়ে তার বাবার বাড়ির লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
রুবেল মিয়া বলেন, তাঁদের শিশুসন্তানকে মারধর করলে তিনি স্ত্রীকে শাসন করতে যান। এ সময় রান্নার গরম ভাত হঠাৎ তাঁর শরীরে গিয়ে পড়ে।

























