
শওকত আলম, কক্সবাজার:
সর্বজনীন মানবাধিকার দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আজ ১০ ডিসেম্বর সকালে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এ কর্মসূচিতে সাংবাদিক, মানবাধিকারকর্মী, সমাজের বিভিন্ন শ্রেণি–পেশার মানুষসহ তরুণ প্রতিনিধিরা অংশ নেন।
পথসভায় বক্তারা বলেন, “সবার জন্য মর্যাদা, ন্যায় বিচার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা সময়ের দাবি।” তারা আরও উল্লেখ করেন, সাংবাদিক ও মানবাধিকার রক্ষাকারীদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি না হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
বক্তারা বলেন, মানবাধিকার রক্ষায় সমাজের প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। পাশাপাশি রাষ্ট্র ও প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা জরুরি—যাতে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দ্রুত প্রতিরোধ ও বিচার নিশ্চিত হয়।
কর্মসূচিটি আয়োজন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ন্যাশনাল প্রেস সোসাইটি, কক্সবাজার জেলা শাখা। সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবাধিকার সুরক্ষা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ভবিষ্যতেও তারা নিয়মিত এমন কর্মসূচির আয়োজন করবেন।























