
তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
লালমনিরহাটে অবস্থিত অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ -এএইউবি- এর ক্যাম্পাস শিক্ষার্থীদের উদ্ভাবিত ড্রোন উৎক্ষেপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
মঙ্গলবার -২৫ ফেব্রুয়ারি- বিকেলে লালমনিরহাটের বিমানবাহিনীর রানওয়েতে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে রিমোট কন্ট্রোল চেপে ড্রোন উৎক্ষেপণ করেন তিনি।
এএইউবি কর্তৃপক্ষ জানায়, তাদের লালমনিরহাট ক্যাম্পাসের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা এই ড্রোনটি উদ্ভাবন করেছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উদ্ভাবনে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা জানান, আমেরিকান ইনস্টিটিউট অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স -এআইএএ- এর আয়োজনে আগামী এপ্রিল মাসে ‘ডিজাইন বিল্ড এন্ড ফ্লাই -ডিবিএফ- প্রতিযোগিতায় অংশ নিয়ে এই ড্রোনটি প্রদর্শন করা হবে।
এএইউবি”র ডিবিএফ দল ওই প্রতিযোগিতার জন্য একটি বিশেষ ড্রোন ডিজাইন করেছেন। যেই ড্রোনটি পে-লোড এর সাথে অন্য একটি গ্লাইডারকে বহন করবে।
এছাড়াও উদ্ভাবিত ড্রোনটি ভবিষ্যতে স্বয়ংক্রিয় নজরদারি, দুর্যোগ-ব্যবস্থাপনা,কৃষিসহ অন্যান্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করা সম্ভব হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এএইউবি”র উপাচার্য এয়ার ভাইস মার্শাল একেএম মনিরুল বাহার, বিশ্ববিদ্যালয়ের অ্যারোস্পেস বিভাগের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন সাইফুর রহমান বকাউল, বিমানবাহিনীর কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।
জানা যায়, এএইউবিতে এ সংক্রান্ত গবেষণা ও নতুন উদ্ভাবনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হয়ে আসছে। ইতোমধ্যে দুইটি প্রোটোটাইপ ড্রোন আবিষ্কার করা হয়েছে। সেগুলোর ট্যাক্সিটেস্ট ও ফ্লাইটটেস্টও সম্পন্ন করা হয়েছে।

























