
এস এম রনি, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক, সেতু, রেলপথ ও নৌপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (নৌ পুলিশ) মো. আলমগীর হোসেন, র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার আ. রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কাফি বিন কবির, পুলিশ সুপার অনিক চৌধুরী, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, বিআরটিএর পরিচালক মাহবুবুর রহমানসহ হাইওয়ে ও ট্রাফিক পুলিশ, বিআইডব্লিউটিএ এবং বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধি ( ৪০-৫০ জন)।
সভায় জানানো হয়, কাঞ্চন ব্রিজ থেকে চাঁদপুর পর্যন্ত দুটি লঞ্চ চলাচল করবে। ঈদের আগে ১৬ মার্চ রাত থেকে ২৬ মার্চ পর্যন্ত বালুবাহী নৌযান (বাল্কহেড) চলাচল বন্ধ থাকবে। এছাড়া প্রতিটি নৌযানে জীবন রক্ষাকারী সরঞ্জাম রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
সড়ক পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন বন্ধে কঠোর নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে এবং কাচপুর ব্রিজ এলাকায় উল্টো পথে অটোরিকশা চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত সড়কে ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা বলা হয়। ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন ট্রাক, কভারভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহন এ নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
সভায় সংশ্লিষ্ট সকল প্রতিনিধিকে পরিস্থিতির ওপর নজরদারি রাখার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক সবাইকে ধন্যবাদ জানান এবং সভার সমাপ্তি ঘোষণা করেন।
























