
ইবি প্রতিনিধি।।
সি- ইউনিট তথা বাণিজ্য শাখার পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। শুক্রবার -১০ মে- ইসলামী বিশ্ববিদ্যালয় -ইবি- কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে পরীক্ষাটি।
এ দিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত একঘন্টা ব্যাপী এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৩০৭ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। যা মোট পরীক্ষার্থীর ৯২.৪৩ শতাংশ। অনুপস্থিত ছিলেন ১০৭ জন শিক্ষার্থী। ‘সি’ ইউনিট সমন্বয়কারী ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
পূর্বের ন্যায় পরীক্ষার্থীদের মেইনগেইট দিয়ে কেন্দ্রে প্রবেশ করানোর পর পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে সারিবদ্ধভাবে হলে প্রবেশ করানো হয়। পরীক্ষা চলাকালে হলগুলো পরিদর্শন করেন বিশ্ববিদালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম- উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান- কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া- ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান- থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী- শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন- প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ প্রমুখ।
এদিকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পূর্বের ন্যায় নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলো কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার পুলিশ ফোর্স এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা। এর পাশাপাশি শিক্ষার্থীদের সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত ছিল বিএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনেতিক ছাত্রসংগঠনের পক্ষ থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানির বোতল সরবরাহ, বাইক সার্ভিস ও মেডিকেল সেবা প্রদান কার্যক্রমও চলমান ছিল।

























