
মাকসুদুল হোসেন তুষার,
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মামার বাড়ীতে ভাগনেকে খুন করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা এলাকায় রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে। নিহত মহিজুল (১৯) একই ইউনিয়নের মানিকপুর গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, মানিকপুর গ্রামের গিয়াসউদ্দিন তার স্ত্রী মোসা. হাসি বেগম (৪৭) কে গত প্রায় ৭ বছর আগে তালাক দিয়ে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করেন। তখন থেকে তাদের ছেলে মহিজুল হাসি বেগসের সাথে চৈতনকান্দা গ্রামে তার মামার বাড়ীতে থাকতো। এরই মধ্যে হাসি বগেমের অন্যত্র বিবাহ হয়। মাঝে মধ্যেই মহিজুলের মামা বাচ্চু এবং তার পরিবারের লোকজন মহিজুলের উপর নানা ছল ছূঁতোয় দৈহিক নির্যাতন করতো। ঘটনার দিন দিবাগত রাত ১২ টায় পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মামা বাচ্চু (৪৫),তার দুই স্ত্রী নাজমা ও নাদিয়াসহ আরো কয়েকজন মহিজুলকে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহত অবস্থায় মহিজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই আড়াইটার দিকে মহিজুল মারা যায়।
এ ঘটনায় নিহত মহিজুলের পিতা গিয়াসউদ্দিন বাদী হয়ে সোমবার দুপুরে থানায় ৫ জনের নাম উল্লেখ করে এবং ৪/৫ জনকে অজ্ঞাত আসামী করে একটি হত্যার অভিযোগ দিয়েছেন বলে জানান।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, অভিযোগটি এখনো আমি হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
























