
নিউজ ডেস্ক,
জাতীয় নিরাপত্তা পর্যালোচনা শেষে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম টিকটককে কানাডায় কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে দেশটির সরকার। সোমবার এক বিবৃতিতে শিল্পমন্ত্রী মেলানি জোলি জানান, নির্দিষ্ট আইনি শর্ত মেনে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম অব্যাহত রাখতে পারবে এবং বিনিয়োগ পরিকল্পনাও এগিয়ে নিতে পারবে।
কানাডা সরকার জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে দেশে কর্মসংস্থান বজায় থাকবে এবং টিকটক সাংস্কৃতিক খাতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।
এর আগে ২০২৪ সালের নভেম্বরে জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে টিকটকের ব্যবসা বন্ধের নির্দেশ দেয় শিল্প মন্ত্রণালয়। তবে গত জানুয়ারিতে ফেডারেল আদালত সেই নির্দেশ বাতিল করে এবং পুনঃপর্যালোচনার নির্দেশ দেয়।
নতুন সমঝোতার অংশ হিসেবে টিকটক প্রতিশ্রুতি দিয়েছে:
-
কানাডীয় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষা
-
উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও গোপনীয়তা প্রযুক্তি
-
অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর জন্য বাড়তি নিরাপত্তা ব্যবস্থা
-
তথ্য সুরক্ষা কার্যকর কিনা তা পর্যবেক্ষণের জন্য স্বাধীন তৃতীয় পক্ষের নিয়োগ
টিকটক চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্স–এর মালিকানাধীন। ব্যবহারকারীর তথ্য সংগ্রহ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকার কারণে কানাডাসহ বিভিন্ন দেশে দীর্ঘদিন ধরে নজরদারি চালানো হয়েছে।

























