
চঞ্চল,
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানের কাজে ব্যবহৃত বাইসাইকেল জব্দ করেছে। শুক্রবার (০৭ নভেম্বর, ২০২৫) সন্ধ্যায় ও রাতে দুটি পৃথক অভিযানে ফেন্সিডিল এবং গাঁজা উদ্ধার করা হয়, যার সর্বমোট বাজারমূল্য দাঁড়িয়েছে ৫৫,২০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ টহলদল এই অভিযানগুলো চালায়।
রাত আনুমানিক ০৮:৪৫ মিনিটে ভুরুঙ্গামারী থানার শিংঝাড় বিওপি’র দক্ষিণ মানিক কাজী নামক স্থানে অভিযান চালিয়ে ৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। টহলদলের ধাওয়ায় চোরাকারবারীরা মালামাল ফেলে ভারতে পালিয়ে যায়। এই ফেন্সিডিলের বাজার মূল্য ৩৭,৬০০/- টাকা।
এর আগে সন্ধ্যা আনুমানিক ০৬:৩০ মিনিটে ফুলবাড়ী থানার বালারহাট বিওপি’র পূর্ব ফুলমতি এলাকায় সন্দেহভাজন একটি বাইসাইকেলকে থামানোর নির্দেশ দেয় বিজিবি। চোরাকারবারী বাইসাইকেল ফেলে পালিয়ে গেলে সেটি থেকে ৩.২ কেজি ভারতীয় গাঁজা এবং পাচারে ব্যবহৃত ১টি বাইসাইকেল জব্দ করা হয়। এর সম্মিলিত মূল্য ১৮,২০০/- টাকা (গাঁজা: ১১,২০০/- টাকা ও বাইসাইকেল: ৭,০০০/- টাকা)।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।”
তিনি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং তথ্য প্রদানকারীদের পরিচয় কঠোরভাবে গোপন রাখার নিশ্চয়তা দেন। এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

























