
চঞ্চল,
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে একটি ফসলি জমির নিচ থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র্যাব-১৩। আজ বুধবার (৪ মার্চ) ভোরে পরিচালিত এই বিশেষ অভিযানে ৫৭.১ কেজি গাঁজাসহ মো. আশাদুল হক (৪৬) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। দুপুরে এক আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-১৩ এর মিডিয়া উইং।

র্যাব-১৩, সদর কোম্পানি (রংপুর) গোপন সূত্রে জানতে পারে যে, কুলাঘাট ইউনিয়নের বোয়ালমারী এলাকায় নিজ বসতবাড়ির পাশে ফসলি জমিতে বিশেষ কায়দায় মাদক লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৬টায় আশাদুল হকের বাড়িতে অভিযান চালায় র্যাবের আভিযানিক দল। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আশাদুলের দেখানো মতে, তার বাড়ির পাশের ফসলি জমি খুঁড়ে মাটির গভীর থেকে ৫৭.১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আশাদুল হক ওই গ্রামের মৃত লালচান মিয়ার ছেলে। র্যাব জানিয়েছে, আশাদুল একজন অত্যন্ত ধূর্ত ও পেশাদার মাদক ব্যবসায়ী। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে সে তার নিজ জমিতে গর্ত করে মাদক মজুত করে রাখতো এবং সুযোগ বুঝে তা দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করতো। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ও র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে লালমনিরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে মাদকের চোরাচালান ও সরবরাহ বন্ধে র্যাবের এ ধরনের ‘জিরো টলারেন্স’ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
























