
নুর মোহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজার জেলার ঈদগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তিনটি সিআর মামলায় সাজাপ্রাপ্ত ও একটি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার করেছে।
গেল বুধবার রাত সাড়ে এগারোটার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের বটতলী এলাকায় অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামি ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উত্তর খানঘোনা এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে শাহ নেওয়াজ আলম।
পুলিশ সুত্রে জানায়, কক্সবাজার জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় এবং ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এ.টি.এম শিফাতুল মাজদারের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত শাহ নেওয়াজ আলমের বিরুদ্ধে তিনটি মামলায় মোট ৬ লক্ষ ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৬ মাসের কারাদণ্ডের আদেশ ছিল।
দীর্ঘদিন ধরে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

























