
তৌহিদ বেলাল
কক্সবাজার জেলা প্রতিনিধি।।
কক্সবাজারের ঈদগাঁওতে মোরশেদ আলম (২৫) নামের এক ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকালে ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের মিয়াজিপাড়ার একটি সুপারি বাগান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ইজিবাইক চালক মোরশেদ আলম কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শামসুল আলমের পুত্র।
জানা যায়, বৃহস্পতিবার সকালে জালালাবাদ ইউনিয়নের মিয়াজিপাড়ার একটি সুপারি বাগানে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে লোকজন স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে খবর দেয়। ধারণা করা হচ্ছে- রাতে মোরশেদ আলমকে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ ওই সুপারি বাগানে ফেলে রাখা হয়। সকাল সাড়ে আটটার দিকে ঈদগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি ও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত ইজিবাইক চালক মোরশেদ আলমের পিতা শামসুল আলম দাবি করেন- তাঁর পুত্রকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কবির এক যুবকের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন- ‘নিহতের শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকান্ডে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে’।

























