
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুর-২ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, আমি এমপি নির্বাচিত হলে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে এই আসনকে মাদক মুক্ত করবো। রবিবার বেলা ১১টার দিকে টঙ্গীর দক্ষিণ আউচপাড়া এলাকায় সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে তিনি এসব কথা বলেন। সম্মেলনে তিনি প্রতিদ্বন্দ্বী নৌকার প্রতীকের প্রার্থী মো. জাহিদ আহসান রাসেলকে উদ্দেশ্য করে বলেন, ১৮ বছরে গাজীপুর ও টঙ্গীতে কোন উন্নয়ন হয়নি। মানুষকে জিম্মি করে চাচা-ভাতিজা মিলে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এসব নিয়ে চায়ের স্টলে বসে পত্রিকার খবর পড়ে মানুষ সমালোচনা করে। তিনি বলেন- আমি নির্বাচিত হলে ৭১ সালে যেভাবে হানাদার মুক্ত করেছি ঠিক সেভাবে জাহাঙ্গীর আলম কে সাথে নিয়ে গাজীপুর ও টঙ্গীকে হানাদার মুক্ত করবো।
সাংবাদিক সম্মেলনে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন- ২২ ডিসেম্বর নৌকা প্রতীকের প্রার্থী প্রতিমন্ত্রী রাসেলের কর্মীরা আমাদের চারটি মাইক ছিনিয়ে নিয়েছে। কলেজ গেটে তালা দিয়েছে। তারা আমাদের লোকজনকে মারধরও করেছে। তিনি তার প্রচারণায় হামলা করার অভিযোগে নৌকা প্রতীকের প্রার্থী জাহিদ আহসান রাসেলের মনোনয়ন বাতিলের দাবী জানান। একই সাথে প্রশাসনে ঘাপটি মেরে থাকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আত্মীয়- স্বজনকে সতর্ক থাকতে অনুরোধ জানান। তিনি আরো বলেন- সকল অভিযোগ মিডিয়ার মাধ্যমে করা হবে। সুষ্ঠু ভোট অনুষ্ঠানে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ গুলো প্রশাসন মিডিয়ার মাধ্যমে জানবে। আমরা সরাসরি কোন অভিযোগ দিব না। সাংবাদিক সম্মেলন শেষে কাজী আলিম উদ্দিন বুদ্দিন নির্বাচনী কর্মকান্ডে যোগদান করেন।

























