
মোঃ হুমায়ুন কবির
সাভার প্রতিনিধি।।
সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৃষ্টিতে ভিজতে গিয়ে হলের পাঁচ তলার ছাদ থেকে পড়ে অমিত কুমার বিশ্বাস নামে এক শিক্ষার্থী মারা গেছেন।
নিহত অমিত খুলনার অজয় কুমার বিশ্বাসের ছেলে। মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে পড়ে মারাত্মকভাবে আহত হন ওই শিক্ষার্থী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের আবাসিক শিক্ষার্থী অমিত হলের পাঁচতলার ছাদে বৃষ্টিতে ভিজতে যান।
হঠাৎ পিছলে ছাদ থেকে নিচে পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত অমিত কুমার বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিলেন।এদিকে ছাদ থেকে পড়ে অমিতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে তার সহপাঠী ও হলের শিক্ষার্থীদের মাঝে।

























