
মো: সাগর ইসলাম,
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার শহীদ শাহিনুর রহমান মুজাহিদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সোহাগ রানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে নারীর অবদান অপরিসীম। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে শিক্ষা ও কর্মসংস্থানের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বক্তারা আরও যোগ করেন, নারীর মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল একটি বৈষম্যহীন ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে হরিপুর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী নেত্রী এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বক্তারা নারী-বান্ধব সমাজ গঠনে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
























