
উৎপল রক্ষিত,
ঘরমুখো মানুষের ঢল নেমেছে দেশের বিভিন্ন সড়কে। রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গসহ বিভিন্ন অঞ্চলে ছুটে চলেছে বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত যানবাহন। আজ বুধবার সরেজমিনে গাজীপুরের কালিয়াকৈর, চন্দ্রা, চান্দনা চৌরাস্তা ও মাওনা চৌরাস্তা এলাকায় দেখা যায়, গাড়ির চাপ থাকলেও তেমন কোনো যানজট নেই। ফলে স্বস্তিতে ও নির্বিঘ্নে বাড়ি ফিরছেন যাত্রীরা।
সড়কে যাত্রী ও যানবাহনের উপস্থিতি চোখে পড়ার মতো হলেও যান চলাচল স্বাভাবিক থাকায় যাত্রীদের মুখে স্বস্তির হাসি। বিশেষ করে অতীতের তুলনায় এবারের ঈদযাত্রা অনেকটাই আরামদায়ক বলে মনে করছেন অনেকে।
বগুড়াগামী একটি বাসের যাত্রী নাহিদ ইসলাম বলেন, “জীবিকার তাগিদে ঢাকায় থাকি। বছরে এক-দু’বার বাড়ি যাওয়া হয়। এবার সময়মতো বাসের টিকিট পেয়েছি, তেমন কোনো ভোগান্তিও নেই। স্ত্রী ও সন্তানদের নিয়ে বাড়ি যাচ্ছি। সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করব—এই প্রত্যাশা নিয়েই রওনা হয়েছি।”
গাজীপুর মহানগর পুলিশ ও জেলা পুলিশের সাথে যোগাযোগ করলে জানা যায়,ঈদ উপলক্ষে পরিবহন ব্যাবস্থা স্বাভাবিক রাখার জন্য অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছ।
ময়মনসিংহের আঃ হাদী মিয়া জানান, সড়ক ব্যবস্থাপনায় উন্নতি এবং যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ায় এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হয়েছে। তবে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
























