
নিজস্ব প্রতিবেদক,
রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন—হামলার মূল পরিকল্পনাকারী শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।
রোববার (২৭ সেপ্টেম্বর) ক্যান্টনমেন্ট থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্টুডিওর জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড ও স্থানীয় অন্য জমির মালিকদের বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে।
ওসি বলেন, নিউ গিনি প্রপার্টিজ জমিতে গেট নির্মাণ করে অন্যদের চলাচলে বাধা দেওয়ায় বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীকে গ্রেফতার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে।
এর আগে শনিবার রাতে দুই ট্রাকে করে লোকজন গিয়ে স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন সালমান মুক্তাদির। পরে স্টুডিওর ফেসবুক পেজে লাইভে এসে তিনি জানান, হামলায় পুরো স্টুডিও ক্ষতিগ্রস্ত হয়েছে।


























