
চঞ্চল,
রংপুরের মিঠাপুকুর ও তাজহাট এলাকায় পৃথক দুটি শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১০ কেজির বেশি গাঁজা এবং ১২৫ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপ। রবিবার (৮ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই সাফল্যের কথা জানায়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (৭ মার্চ) ভোরে র্যাব-১৩, সিপিএসসি-এর একটি দল মিঠাপুকুর থানার বৈরাগী বাজার সংলগ্ন টোল প্লাজা এলাকায় অবস্থান নেয়। সেখানে সন্দেহভাজন তিন ব্যক্তিকে তল্লাশি করে ১০ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত তিনজনই লালমনিরহাট জেলার বাসিন্দা। তারা হলেন— কালীগঞ্জের মোঃ দেলোয়ার হোসেন (২৮), মোঃ মোমিন মিয়া (২৯) এবং হাতীবান্ধার মোঃ জিয়ারুল ইসলাম (৪০)।
একইদিন গভীর রাতে রংপুর মহানগরীর তাজহাট থানার পার্কের মোড় এলাকায় অপর একটি অভিযান পরিচালিত হয়। একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১২৫ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল সিরাপসহ দুই নারীকে গ্রেফতার করে র্যাব। তারা হলেন— কুড়িগ্রামের ভুরুঙ্গামারী এলাকার মোছাঃ পাপিয়া বেগম (৩২) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার মোছাঃ মরিয়ম (৩০)।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অভিনব সব কৌশল অবলম্বন করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে। সমাজ থেকে মাদকের অভিশাপ দূর করতে র্যাবের এই কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
























